‘আমি ভাইয়ার জন্য এসেছি’, প্রচারণায় কোকোর স্ত্রী

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দিন-রাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেও নির্বাচন করছেন তিনি। তবে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত থাকায় নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান। এ অবস্থায় বড় ভাইয়ের পক্ষে মাঠে নেমেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

এসময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট ও দোয়া চান কোকোর স্ত্রী। গণসংযোগকালে তিনি বলেন, আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে তারেক রহমানের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ঢাকা-১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার।

Related Articles

Back to top button