জামায়াত প্রার্থীকে এলাকা ছাড়া করার ঘোষণার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

অনলাইন ডেস্ক: ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে নির্বাচনের দুই দিন আগে জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তফা কামালকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগে চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সেক্রেটারি খায়রুল ইসলাম সোহেলকে শোকজ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোলা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত ভোলার সিভিল জজ মো. রাকিব মাহমুদ স্বাক্ষরিত পত্রে এ শোকজ করেন।
শোকজ নোটিশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না- মঙ্গলবারের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানা গেছে, ২৯ জানুয়ারি পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সাত্তার মিয়ার বাড়িতে ধানের শীষের প্রার্থীর পক্ষে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে সোহেল জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ও তার পরিবারকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ও হুমকিমূলক কথা বলেন। তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন সকাল ৭টা থেকে কেন্দ্র দখলে রাখার সক্ষমতা তাদের রয়েছে এবং ‘বেশি বাড়াবাড়ি করলে নির্বাচনের দুই দিন আগে জামায়াত প্রার্থীকে চরফ্যাশনে থাকতে দেওয়া হবে না’।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেওয়া এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে।
অভিযোগ প্রসঙ্গে খায়রুল ইসলাম সোহেল দাবি করেন, এটি তার রাজনৈতিক বক্তব্য এবং বিএনপি–জামায়াতের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও লোকমান হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




