রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক: কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত ব্যক্তি মো. বাবুল (৩৫)। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের মৃত আব্দু সালামের পুত্র। নিহতের পরিবারে স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়দের ধারণা, ইজিবাইক (অটোরিকশা) ছিনতাইয়ের উদ্দেশ্যেই বাবুলকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার গলায় রশি পেঁচানো এবং মুখে প্লাস্টার মোড়ানো অবস্থায় পাওয়া যায়। মরদেহের কিছু দূরে একটি মোবাইল ফোনও পড়ে থাকতে দেখা গেছে।

নিহতের ছোট ভাই জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় বড় ভাই বাবুলের সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি (তদন্ত) শেখ মো. ফরিদ জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Related Articles

Back to top button