হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন: জামায়াত ইসলামী

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যকে কূটনৈতিক রীতিনীতিবিরোধী আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল রোববার (২৫ জানুয়ারি) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক দল সম্পর্কে বিদেশি কোনো রাজনীতিবিদের এমন মন্তব্য আন্তর্জাতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হর্ষ বর্ধন শ্রিংলা মন্তব্য করেন, জামায়াত কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়নি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি দাবি করেন, অতীতে দলটি ৫ থেকে ৭ শতাংশের বেশি ভোট পায়নি এবং অনিয়ম ছাড়া ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।
এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, “একজন সাবেক কূটনীতিক ও বর্তমান সংসদ সদস্যের কাছ থেকে এমন অদূরদর্শী বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবে, তা সম্পূর্ণ তাদের নিজস্ব এখতিয়ার। কোনো বিদেশি রাজনীতিবিদের এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই।”
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের মন্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সৌহার্দ ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ক্ষুণ্ন করে। জামায়াত একটি নিবন্ধিত ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জনগণের অধিকার, সুশাসন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে সবসময় আপসহীন রয়েছে।
পরিশেষে জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ভারতের দায়িত্বশীল মহল ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য থেকে বিরত থাকবে এবং পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সৌজন্য বজায় রাখবে।




