সামান্য ঝগড়াই কেড়ে নিল এক ব্যবসায়ীর প্রাণ

অনলাইন ডেস্ক: নরসিংদীর বেলাব উপজেলায় দুই ব্যবসায়ীর মধ্যে ঝগড়ার জেরে জগত মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রোববার (১৮ জানুয়ারি) উপজেলার পাহাড় উজিলাবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শ্যামল প্রধানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
নিহত জগত মিয়া উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধানের ছেলে।
পুলিশ জানায়, জগত মিয়া ও শ্যামল প্রধান পাহাড় উজিলাবাজারে ভাঙারি (বিভাটেক) ব্যবসা করতেন। জগত মিয়া বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন ও পুরাতন ভাঙারি মালামাল কিনে বিক্রি করতেন। রোববার জগতের এক ক্রেতা সরাসরি শ্যামলের দোকান থেকে মালামাল কিনতে গেলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জগত মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বারইচা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগত মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শ্যামল প্রধানের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয় এবং রান্নাঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নিহত জগত মিয়া কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। রোববার ঝগড়ার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামল প্রধানকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।




