১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই সময়ে নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবে প্রভাবিত না হয়, সে লক্ষ্যে— সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতি, বণিক সমিতি ও চেম্বার অব কমার্স, সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়ন, অন্যান্য নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনের নির্বাচন— সবই ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, উল্লিখিত সংগঠনগুলোর যেকোনো নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশন জানায়, সংসদ নির্বাচন চলাকালে স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘাত বা অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি না হয়, সে কারণেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button