শেরপুরে বুনো হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলায় পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের পাহাড়ঘেঁষা ছোট বালিজুড়ি গ্রামের একটি পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে।
নিহত আহমেদ আলী মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পাহাড়ি এলাকায় বন্য হাতির একটি দল অবস্থান করছে। বুধবার সকালে আহমেদ আলী আরও দুই-তিনজনের সঙ্গে বালিজুড়ি গ্রাম সংলগ্ন পাহাড়ে লাকড়ি কুড়াতে যান। একপর্যায়ে হঠাৎ বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে পালিয়ে যান।
পরে খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহমেদ আলীকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বলিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, বন্য হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর একই উপজেলার বালিজুড়ি এলাকার সোনাঝুড়ি পাহাড়ে বন্য হাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছিল।




