আগামী দু-একদিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: আগামী দু–এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু–এক দিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারবো। কারণ অলরেডি দলের চেয়ারম্যান খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই জায়গা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে।

গতকাল রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমরা আশা করি, এবারও তা হবে। আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা তিনি (তারেক রহমান) সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।’

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে এক বছরে একটা কালচার হয়েছে, যেটা মব ভায়োলেন্স, মবোক্রেসি। যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সচেতনভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জাতীয় সরকার গঠনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সর্বদলীয় নয়। আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করব, কিন্তু এটা সর্বদলীয় নয়।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।

Related Articles

Back to top button