খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক: গভীর শোক ও আবেগঘন মুহূর্তে দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজে নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়া এই বিদায় ছিল ঐতিহাসিক।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। পোস্টে তিনি দেশবাসীসহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান লেখেন, গভীর শোকের এই সময়ে সবার দেখানো সহমর্মিতা, সম্মানবোধ ও দায়িত্বশীলতা তাঁর এবং তার পরিবারের হৃদয় ছুঁয়ে গেছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, তার জীবনের অন্যতম বেদনাদায়ক মুহূর্তে মায়ের শেষবিদায় এমনভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের মানুষের জন্যও ছিল সম্মানজনক ও স্মরণীয়। এই ঐতিহাসিক বিদায় সম্ভব হয়েছে যাঁদের নিষ্ঠা, যত্ন ও পেশাদার দায়িত্ববোধের কারণে, তাঁদের সবার প্রতি তিনি অন্তর থেকে কৃতজ্ঞ।
তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান। বলেন, তাঁরা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, বরং শোকাবহ পরিবেশেও মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন এবং লাখো মানুষের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী-পুরুষ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএনের সদস্যদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। তাঁদের ধৈর্য, সততা ও দায়িত্বশীলতার কারণেই বিপুলসংখ্যক মানুষ শান্তিপূর্ণভাবে শোক ও শ্রদ্ধা জানাতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।



