অসুস্থতার মধ্যেও হাসি: হাসপাতাল থেকে ছবি পোস্ট করে যা বললেন কিরণ রাও

অনলাইন ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক কিরণ রাও। সম্প্রতি ইনস্টাগ্রামে হাসপাতাল থেকেই কিছু ছবি ও নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। এখন অনেকটাই সুস্থ কিরণ, তবে তার পোস্ট ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে নানা আলোচনা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, কিরণ রাওয়ের কব্জিতে বাঁধা রয়েছে হাসপাতালের একটি ট্যাগ। সেখানে তার নাম লেখা—‘কিরণ আমির রাও খান’। অন্য একটি ছবিতে দেখা যায়, তার ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গেছে।

এই প্রসঙ্গে কিরণ জানান, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা অ্যালার্জির কারণেই তার ঠোঁট ফুলে গিয়েছিল। তবে হাসপাতালেও তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে।

নিজের অসুস্থতার কথা জানাতে গিয়ে কিরণ রাও লেখেন, ‘আমি ২০২৬ সালকে উদযাপন করার জন্য একদম প্রস্তুত ছিলাম। কিন্তু আমার অ্যাপেন্ডিক্স আমাকে মনে করিয়ে দিল—এবার একটু ধীরে চলার প্রয়োজন এসেছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।’

তিনি আরও জানান, চিকিৎসকদের দ্রুত তৎপরতায় অস্ত্রোপচারের মাধ্যমে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি এতটাই মসৃণ ছিল যে তিনি তেমন কিছুই টের পাননি।

ফোলা ঠোঁট নিয়েও মজা করতে ভোলেননি কিরণ। তিনি লেখেন, ‘অ্যালার্জির কারণে ঠোঁট এমনভাবে ফুলে গিয়েছিল যে বন্ধুরা দেখে হাসাহাসি করছিল। দুর্ভাগ্যবশত সেটা আবার স্বাভাবিক হয়ে গেছে। আমি এখন বাড়ি ফিরেছি। আশা করছি ২০২৫-এর মতো ২০২৬ সালটিও আমার প্রতি দয়ালু হবে।’

কিরণের দ্রুত আরোগ্য কামনা করেছেন আমির খান ও রিনা দত্তের কন্যা আইরা খান। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে কিরণের হাতে বাঁধা হাসপাতালের ট্যাগে লেখা নামটি। আমির খানের সঙ্গে বিচ্ছেদের পরেও কেন এখনও নিজের নামের সঙ্গে ‘আমির’ যুক্ত রয়েছে—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।

Related Articles

Back to top button