কুড়িয়ে পাওয়া নবজাতকের বৈধ অভিভাবক খুঁজছে ইসলামপুর প্রশাসন

অনলাইন ডেস্ক: জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া এক নবজাতকের বৈধ অভিভাবক হতে আগ্রহী প্রার্থী খুঁজছে উপজেলা প্রশাসন।

শিশুটির কোনো বৈধ অভিভাবক চিহ্নিত না হওয়ায় তার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় পুনঃএকত্রীকরণ ও পুনর্বাসনের লক্ষ্যে বৈধ অভিভাবক নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।

জানা গেছে, গত সোমবার ইসলামপুর পৌর এলাকার মোশাররফগঞ্জ বাজার সড়কের পাশে কম্বলে মোড়ানো অবস্থায় একদিন বয়সী নবজাতকটিকে দেখতে পায় এলাকাবাসী। পরে তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে। প্রশাসনের মাধ্যমে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে—তা এখনও জানা যায়নি। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করি। তার সুস্থতা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সমাজের সম্মিলিত দায়িত্ববোধ ও সহমর্মিতা এই শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে বলে আমরা আশা করি।

Related Articles

Back to top button